নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই কলকাতার রাস্তায় ট্রাম ফেরাতে উদ্যোগী হয়েছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিং একাধিকবার জানিয়েছেন, ট্রাম নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। কলকাতা তো বটেই, সল্টলেক, নিউটাউন এবং রাজারহাটেও ট্রাম লাইন সম্প্রসারণের চিন্তাভাবনা শুরু হয়েছে। এ বিষয়ে রাইটসকে দিয়ে সমীক্ষার কথা জানিয়েছিলেন তিনি।
সোমবার থেকে ট্রাম ফেরাতে সমীক্ষা শুরু করল রাইটস। পরিবহণ দপ্তরের তরফে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হল এই সংস্থাকে। দু’মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে রাইটস। তারপরই পরিকল্পনা হবে কীভাবে ফের তিলোত্তমায় ছুটবে ট্রাম। পরিবহণ দপ্তরের এক আধিকারিকের কথায়, পুরো পরিকল্পনাই রাইটস কী রিপোর্ট দেয়, তার উপর নির্ভর করছে। কোন কোন রাস্তা ট্রাম চলাচলের পক্ষে উপযুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকটি ধাপে এই সমীক্ষার কাজ চলবে।