মুম্বই, ৩১ অক্টোবর: তেল থেকে রাসায়নিক বা ওটু সি ব্যবসার শক্তিশালী ফল এবং জিয়োর আয় বৃদ্ধির হাত ধরে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকর্ড আয় ও মুনাফার কথা জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ৩০ অক্টোবর প্রকাশিত সংস্থার ফলাফল অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে মোট আয় এক বছর আগের তুলনায় ২৭.৮ শতাংশ বেড়ে হয়েছে ৩,৬২,২৬৮ কোটি টাকা। সহযোগী সংস্থা ও যৌথ উদ্যোগের লাভ-ক্ষতির অংশসহ কর-পরবর্তী মুনাফা ৩৩.৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৯,৫৫০ কোটি টাকায়।
সুদ, কর ও অবচয়-পূর্ব আয় বা EBITDA দাঁড়িয়েছে ৬২,৪০৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩.৯ শতাংশ বেশি। তবে আয়ের তুলনায় EBITDA বৃদ্ধির হার কম হওয়ায় এই মুনাফার মার্জিন ১৭.৮ শতাংশ থেকে নেমে হয়েছে ১৭.২ শতাংশ। অর্থবর্ষের প্রথম ছয় মাসে সহযোগী সংস্থা ও যৌথ উদ্যোগের ফলসহ নিট মুনাফা হয়েছে ৫২,৭৪৬ কোটি টাকা। সংস্থার দাবি, নিয়মিত ব্যবসায়িক আয়ের ভিত্তিতে দ্বিতীয় ত্রৈমাসিক ও প্রথমার্ধের মুনাফা রেকর্ড স্তরে পৌঁছেছে।
তেল-রাসায়নিক ব্যবসায় সবচেয়ে জোরালো বৃদ্ধি
রিলায়েন্সের ফলাফলে সবচেয়ে বড় উত্থান দেখা গিয়েছে তেল-রাসায়নিক ব্যবসায়। এই বিভাগের ত্রৈমাসিক আয় ৪৪.২ শতাংশ বেড়ে হয়েছে ২,৩১,৬০১ কোটি টাকা। EBITDA ৬৭.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৫,২০৩ কোটি টাকায়। সংস্থার ভাষ্য অনুযায়ী, পরিবহণ জ্বালানির পরিশোধন মার্জিন এবং পলিয়েস্টার শৃঙ্খলের মার্জিন বৃদ্ধি এই সাফল্যে প্রধান ভূমিকা নিয়েছে।
বিজ্ঞপ্তিতে রিলায়েন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত সরবরাহ বিঘ্নের জেরে অপরিশোধিত তেল ও জ্বালানির দাম বেড়েছে। সেই পরিস্থিতিতে কাঁচামাল সংগ্রহে বৈচিত্র্য এবং বেশি লাভজনক রফতানি বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে সংস্থা সুবিধা পেয়েছে। তবে বেশি পরিবহণ ব্যয়, অপরিশোধিত তেলের বাড়তি প্রিমিয়াম এবং দেশীয় জ্বালানি বিক্রিতে পুরো খরচ আদায় না হওয়া লাভের বৃদ্ধিকে কিছুটা সীমিত করেছে।